
নিজস্ব প্রতিবেদক | BCN Channel
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হাসান কাজী (৩৫)’কে রাজধানীর অদূরে ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এবং র্যাব-৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর অনুমান ১টা ৩০ মিনিটের সময় ধামরাই এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
এ সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি মোঃ হাসান কাজী (৩৫), পিতা মৃত খোরশেদ কাজী, সাং—চরযশোরদী, থানা—নগরকান্দা, জেলা—ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত হাসান কাজীর বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় মামলা নং-১২, তারিখ ২৬ আগস্ট ২০২২, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী সাজা পরোয়ানা জারি ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।